আমুদরিয়া নিউজ: মণিপুরের কাংপোকপি জেলায় দুই কুকি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে আরও ৪৮ ঘণ্টা বন্ধের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে কুকি সংগঠন কমিটি অন ট্রাইবাল ইউনিটি বা CoTU। গত ২৮ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তাফৌ কুকি গ্রামের বাসিন্দা থাংগিনলুন চংলোই এবং পাওগিনলাল হাংসিং। রবিবার সেনাপতি জেলার একটি পাহাড়ি এলাকা থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। এরপরই প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আন্দোলনে নামে সংগঠনটি। তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। তবে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে স্কুল, চিকিৎসা পরিষেবা, সংবাদমাধ্যম এবং বিমানবন্দরে যাতায়াতের মতো জরুরি পরিষেবা। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।