আমুদরিয়া নিউজ: চার রাজ্যের বিধান পরিষদের শিক্ষক ও স্নাতক আসনের নির্বাচনে মিশ্র ফল সামনে এসেছে। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র ও কর্নাটকের মোট ২৮টি আসনে ২৩ অক্টোবর ভোটগ্রহণ হয়। কর্নাটকে চারটি আসনেই জয় পেয়েছে বিজেপি ও জেডিএসের এনডিএ জোট।
বিহারে পাটনা শিক্ষক আসনে বিজেপির নবল কিশোর যাদবকে হারিয়েছেন আরজেডি প্রার্থী সঞ্জীব কুমার যাদব। দারভাঙ্গা শিক্ষক আসনে জন সুরাজ পার্টির সুরেশ রায়ের কাছে পরাজিত হয়েছেন কংগ্রেসের মদন মোহন ঝা।
উত্তরপ্রদেশে আটটি আসনের ফল অনুযায়ী, বিজেপি পাঁচটি এবং সমাজবাদী পার্টি তিনটি আসনে জয়ী হয়েছে। বারাণসীতে শিক্ষকের আসন হারিয়েছে বিজেপি। অন্য দিকে, মহারাষ্ট্রে পাঁচটি আসনের মধ্যে শাসক জোট তিনটি এবং বিরোধী মহা বিকাশ আগাড়ি দু’টি আসনে এগিয়ে রয়েছে বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে।
এই ফলাফল কর্নাটকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হলেও বিহারে বিজেপির পরাজয় এবং জন সুরাজের জয় রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।