আমুদরিয়া নিউজ: গবেষণাগারের প্রযুক্তিকে সাধারণ মানুষের জীবনে কাজে লাগানোর লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ডাক দিল কেন্দ্র। চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ৯ ও ১০ অক্টোবর অনুষ্ঠিত চতুর্থ বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাস্টার সম্মেলনে গবেষণা ও উদ্ভাবনের বাস্তব প্রয়োগ নিয়ে একাধিক উদ্যোগ তুলে ধরা হয়।
ভারতের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক অজয় কুমার সুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের আটটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাস্টারের প্রতিনিধিরা অংশ নেন। পরিবেশবান্ধব প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিকাঠামো, কৃষিতে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র এবং স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি ঐতিহ্যবাহী শিল্প ও কারুশিল্পের প্রসারে ‘কালানুভব’ পোর্টাল চালু এবং ব্রিটেনের ক্যাটাপাল্ট নেটওয়ার্কের সঙ্গে গবেষণা সহযোগিতার ঘোষণাও করা হয়। গবেষণার ফলকে বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।