পানিটঙ্কিতে পিস্তল ও গুলি-সহ সিকিমের বাসিন্দা আটক

আমুদরিয়া নিউজ: পানিটঙ্কি সীমান্তে নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ এক ব্যক্তিকে আটক করল এসএসবি। রবিবার নিউ ব্রিজ এলাকায় নিয়মিত তল্লাশির সময় ৪১ নম্বর ব্যাটালিয়নের ডি কোম্পানির জওয়ানরা একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালান। গাড়িতে থাকা এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় একটি .৩২ ক্যালিবারের পিস্তল, দুটি ম্যাগাজিন, ৭.৬৫ মিমি-এর ৪৯টি জীবন্ত গুলি এবং একটি খালি কার্তুজের খোল।

আটক ব্যক্তির নাম তাশি পালকি ভুটিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি সিকিমের বাসিন্দা এবং সিকিম থেকে নেপালের কাকরভিট্টায় তাঁর গুরুজিকে আনতে যাচ্ছিলেন। তবে অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে দেখা যায়, পিস্তলটি সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে বহনের অনুমতি থাকলেও নেপাল সীমান্তের দিকে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না।

পরবর্তীতে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি-সহ আটক ব্যক্তিকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *