বাঁধবগড়ে অ্যানথ্রাক্সের আশঙ্কা, তিন বছরের জন্য বন্ধ ১,৫০০ বর্গমিটার এলাকা

আমুদরিয়া নিউজ: বন্যপ্রাণীদের নিরাপত্তা ঘিরে উদ্বেগ বাড়ল মধ্যপ্রদেশের বাঁধবগড় টাইগার রিজার্ভে। একটি প্রশিক্ষিত হাতির অ্যানথ্রাক্স সংক্রমণে মৃত্যুর পর সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় রিজার্ভের প্রায় ১,৫০০ বর্গমিটার এলাকা তিন বছরের জন্য ঘিরে ফেলা হয়েছে। ওই এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে তালা এলিফ্যান্ট ক্যাম্পে। মৃত হাতিটির নাম ছিল গায়ত্রী। পরীক্ষায় অ্যানথ্রাক্স সংক্রমণ নিশ্চিত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যেখানে হাতিটির মৃত্যু হয়েছিল, সেই জায়গাটি চেইন-লিঙ্ক বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি হাতিদের স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি বাড়ানো হয়েছে।

বাঁধবগড়ে বর্তমানে ১৫টি প্রশিক্ষিত হাতি রয়েছে। অ্যানথ্রাক্সের আশঙ্কার পর তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং সংক্রমণের সম্ভাব্য ঝুঁকি এড়াতে টিকাকরণ ও পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

বিশেষজ্ঞদের কাছে অ্যানথ্রাক্স নিয়ে উদ্বেগের অন্যতম কারণ হল, এই রোগের জীবাণুর স্পোর মাটিতে দীর্ঘ সময় টিকে থাকতে পারে। ফলে আক্রান্ত প্রাণীর মৃত্যুর স্থানকে দীর্ঘদিন নিরাপদ দূরত্বে রাখা এবং সেখানে নজরদারি চালানো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এদিকে, বাঁধবগড়ে সদ্য শেষ হয়েছে পাঁচ দিনের হাতি উৎসব ও পুনরুজ্জীবন শিবির। সেখানে হাতিদের স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ খাবার এবং চিকিৎসা সংক্রান্ত পর্যবেক্ষণ করা হয়। উৎসব শেষে হাতিগুলিকে ফের নিয়মিত বন টহল, নজরদারি ও উদ্ধারকাজে কাজে লাগানোর কথা রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *