আমুদরিয়া নিউজ: ভারতের বন্যপ্রাণ সংরক্ষণে এল সুখবর। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ভারতীয় মাটিতে জন্ম নেওয়া স্ত্রী চিতা KGP12 চারটি শাবকের জন্ম দিয়েছে। ১৮ সেপ্টেম্বর এই খবর প্রকাশ্যে আসে, আর এর ফলে দেশে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬।
বিশেষ তাৎপর্যের বিষয়, KGP12 নিজেই ভারতে জন্মানো একটি চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা গামিনির সন্তান KGP12-এর এই নতুন চার শাবকের জন্মকে তাই ভারতে চিতা সংরক্ষণ কর্মসূচির পরবর্তী প্রজন্ম তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
নতুন চার শাবক আসার পর ভারতে জন্মানো চিতার সংখ্যা বেড়ে হয়েছে ৩৬। বর্তমানে কুনো জাতীয় উদ্যানে রয়েছে ৫৩টি চিতা এবং মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারণ্যে রয়েছে আরও তিনটি।
২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আটটি চিতা এনে শুরু হয়েছিল ‘প্রজেক্ট চিতা’। চার বছর পর প্রকল্পটি এখন শুধু চিতা পুনঃপ্রবর্তনের মধ্যেই সীমাবদ্ধ নেই, ভারতীয় মাটিতে তাদের প্রজনন ও নতুন প্রজন্ম তৈরির দিকেও এগোচ্ছে। নতুন চার শাবকের জন্ম সেই যাত্রারই একটি উল্লেখযোগ্য অধ্যায়।