আমুদরিয়া নিউজ: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে শুরু হচ্ছে বিশেষ আয়োজন ‘GURU: Uttam Kumar at 100’। ১৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। উত্তম কুমারের চলচ্চিত্রজীবন, অভিনয়, জনপ্রিয়তা এবং বাঙালির সাংস্কৃতিক স্মৃতিতে তাঁর দীর্ঘ প্রভাবকে বিভিন্ন ছবি, আর্কাইভাল নথি ও চলচ্চিত্র-স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে।
এরই অংশ হিসেবে আজ সন্ধ্যায় আয়োজিত হচ্ছে ‘Memories of Guru’ নামে দুটি বিশেষ আলোচনা। প্রথম পর্বে উত্তম কুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত স্মৃতি তুলে ধরবেন রত্না ঘোষাল, কল্যাণী মণ্ডল ও সোনালি বসু। দ্বিতীয় পর্বে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উত্তম কুমারের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক ও নিজের স্মৃতিচারণ করবেন। দুই পর্বই অনুষ্ঠিত হবে KCC-র প্রথম তলায়।