আমুদরিয়া নিউজ:আগামী ১৬ আগস্ট ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালনের মধ্য দিয়ে রাজ্যে আনুষ্ঠানিকভাবে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালুর কথা ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বৎ মুখোপাধ্যায়। এর মাধ্যমে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবারের ছয় কোটি মানুষ বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। পাশাপাশি, কেন্দ্রীয় শর্তের বাইরে থাকা বাকি নাগরিকদের জন্য ওইদিনই ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা’ চালু করা হবে। পূর্বের রোগ, হাসপাতালে ভর্তির আগের তিন দিন ও পরের পনেরো দিনের সমস্ত চিকিৎসা খরচ এর অন্তর্ভুক্ত থাকবে। কোনো বাড়তি কার্ড ছাড়াই শুধুমাত্র আভা (ABHA) আইডি বা পরিচয়পত্র দেখিয়ে এই পরিষেবা গ্রহণ করা যাবে। আপাতত রাজ্যের ১৯৩০টি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। পরবর্তী দুই থেকে তিন মাস ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের পাশাপাশি এই নতুন প্রকল্পগুলিও সমান্তরালভাবে চালু থাকবে।