আমুদরিয়া নিউজ: ডোমিনিকান রিপাবলিকের লা রোমানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ছোট প্রাইভেট জেট জরুরি অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। উড়ানের মাঝপথে সমস্যা টের পেয়ে পাইলট জরুরি ল্যান্ডিংয়ের চেষ্টা করেন। কিন্তু রানওয়েতে নামার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ধরে বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনায় বিমানের পাইলট ও সহকারী পাইলট ঘটনাস্থলেই নিহত হন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি রানওয়েতে মুখ থুবড়ে পড়ার পর দাউদাউ করে জ্বলে উঠছে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দুই বিমানকর্মীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি, খারাপ আবহাওয়া বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।