রেশন কেলেঙ্কারি ঘিরে ফের সক্রিয় ইডি

Fresh ED raids spark political heat just weeks before elections

আমুদরিয়া নিউজ : বিধানসভা ভোটের আর মাত্র দু’সপ্তাহ বাকি, তার মধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় তুলল রেশন দুর্নীতি মামলা। শুক্রবার ভোরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate (ED) একযোগে কলকাতা-সহ রাজ্যের মোট ১২টি জায়গায় হানা দেয়। সিজিও কমপ্লেক্স থেকে একাধিক দল বেরিয়ে কলকাতা, বনগাঁ, মুর্শিদাবাদ এবং হাওড়ার বিভিন্ন ঠিকানায় পৌঁছে যায় তদন্তকারীরা। একাধিক ব্যবসায়ীর বাড়িতে চলছে চিরুনি তল্লাশি। ইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তে বসন্ত কুমার শরাফ নামে এক ব্যবসায়ীর নাম উঠে আসায় তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। কীভাবে রেশনের সামগ্রী পাচার করা হত এবং এর সঙ্গে কোনও প্রভাবশালী যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। উল্লেখ্য, এই রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী Jyotipriya Mallick। ইডির চার্জশিটে তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। পরে ২০২৫ সালের ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান।

এবারের বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করেছে All India Trinamool Congress। সম্প্রতি তাঁর সমর্থনে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী Mamata Banerjee দাবি করেন, বালুকে (জ্যোতিপ্রিয় মল্লিক) রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী শাসনামলে ভুয়ো নামে রেশন কার্ড তৈরি করে দুর্নীতি চলত, যা ধরেছিলেন বালু। সেই কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে এই তল্লাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *