আমুদরিয়া নিউজ : বিবাহিত পুরুষ যদি কোনো প্রাপ্ত বয়ষ্ক মহিলার সম্মতিতে তার সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকেন, তবে তা অপরাধ নয়, উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক যুগলের মামলা থেকে এই পর্যবেক্ষণ তুলে ধরল এলাহাবাদ হাইকোর্ট।
জানা গিয়েছে, শাহজাহানপুরের জৈতিপুর থানায় এক মহিলা অভিযোগ করেন, তাঁর ১৮ বছরের মেয়েকে এক বিবাহিত যুবক প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়েছে। এদিকে এই খবর জানতে পেরে এলাহাবাদ হাইকোর্টে মামলা করে ওই যুগল দায়ের করা মামলা খারিজের আবেদন জানান।
এই মামলার শুনানিতে অভিযোগকারী মহিলার আইনজীবী সওয়াল করেন, ওই যুবক বিবাহিত, তাই অন্য কোনও মহিলার সঙ্গে বসবাস করলে তা ফৌজদারি অপরাধ বলে গণ্য হওয়া উচিত। কিন্তু সম্পর্কে থাকা তরুণী আদালতে স্পষ্ট জানিয়ে দেন, তিনি স্বেচ্ছায় ওই যুবকের লিভ-ইন সম্পর্কে রয়েছেন। সমস্ত দিক পর্যবেক্ষণ করে আদালতে জানায়, কোনো অপরাধ করেননি ওই যুবক। মহিলার সম্মতি নিয়েই তারা একসঙ্গে বাস করছেন। এখানে কোনো জোরজবরদস্তি বা অপরাধের প্রমাণ নেই। ওই যুবক নির্দোষ। একইসঙ্গে তরুণীর পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন কোনওভাবে দম্পতির ক্ষতি না করেন, তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা না করেন।