দুই সপ্তাহ পর খাল থেকে উদ্ধার দেহ, এক পড়ুয়ার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দিল্লিতে

আমুদরিয়া নিউজ : ২৩ বছর বয়সী এক ছাত্রের রহস্য মৃত্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দক্ষিণ-পূর্ব দিল্লিতে। প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর হরিয়ানা’র পালওয়াল জেলার একটি খাল থেকে মহম্মদ ফায়জ নামে এক তরুণের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দিল্লির ওখলার কাছেই মদনপুর খাদারের বাসিন্দা ফায়জ জামিয়া হামদার্দের পড়ুয়া ছিলেন।

পরিবার সূত্রে খবর, গত ৭ মার্চ রাতে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ফায়জ। পরেরদিন ৮ মার্চ এক ফোন কলে তিনি জানান যে, ট্রেনে চারজন অচেনা ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন। এবং বড় বিপদের মধ্যে রয়েছেন তিনি। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ হয়ে যায়। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর গত ১১ মার্চ কালিন্দী কুঞ্জ থানায় পরিবারের তরফে একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

পরে ১৭ মার্চ হরিয়ানার পালওয়াল জেলার একটি খাল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ খুঁজে পায় পুলিশ। মৃতদেহের সঙ্গে থাকা মোবাইল, আধার কার্ড এবং পোশাক শনাক্ত করে ২১ মার্চ হরিয়ানা পুলিশ জানায় উদ্ধার হওয়া দেহটি ফায়জের। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

এদিকে পরিবারের অভিযোগ, তদন্তে গাফিলতি হয়েছে। সময়মতো পদক্ষেপ নিলে ফায়েজকে বাঁচানো যেত বলেও তাঁদের দাবি করেছেন তাঁরা। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *