খড়গপুরে পুলিশকে কড়া হুঁশিয়ারি, ভোটের আগে ফের বিতর্কে দিলীপ

আমুদরিয়া নিউজ : নিজের পছন্দের কেন্দ্র খড়গপুর সদর থেকেই এবার বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। আর সেই কেন্দ্রেই প্রচার করতে গিয়ে পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।

সোমবার দলীয় কর্মী-সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, রাজ্য পুলিশ শাসক দলের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী শিবিরকে চাপে রাখার চেষ্টা করছে। তাঁর দাবি, বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে, এমনকি গুলি চালানোর হুমকিও দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গ টেনে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় পাল্টা হুঁশিয়ারি দেন তিনি। অত্যন্ত কড়া ভাষায় বলেন, “তোর বাপের গুলি! কত গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।” তৃণমূলকে নিশানা করে তিনি আরও জানান, শাসক দলের নেতারা এসব গুন্ডা, মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। আজও সেই চেষ্টায় রয়েছে। কিন্তু এবার আর এসব হবে না। বিজেপি কোনও দাদাগিরি মানবে না।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন দিলীপ। যদিও ২০২১ সালে দল তাঁকে পরিবর্তন করে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করে। কিন্তু পরবর্তী সময়ে তাঁকে ঘিরে নানা বিতর্ক তৈরি হওয়ায় এবার তাঁকে ফের ওই কেন্দ্রে প্রার্থী করেছে পদ্মশিবির। পুরনো কেন্দ্র ফিরে পেয়ে পুরনো মেজাজেই ফিরে গেলেন। কিন্তু নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য ঘিরে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভোটের আগে ভাষা প্রয়োগে কতটা সীমারেখা টানা হবে তা নিয়েও প্রশ্ন উঠছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *