ঈদের দিনই পাকিস্তানে খুন লস্কর কমান্ডার

আমুদরিয়া নিউজ : খুন হয়েছে লস্কর-ই-তইবার কমান্ডার বিলাল আরিফ সালাফি। ঘটনাটি ঘটেছে শনিবার, পাঞ্জাবের মুরিদকে শহরে অবস্থিত লস্করের সদর দপ্তর ‘মারকাজ তইবা’য়।

জানা গিয়েছে এদিন ঈদের নামাজের পরপরই ওই দপ্তরে কয়েকজন বন্দুকধারী ঢুকে পড়ে। তারপর আচমকা তারা সালাফিকে গুলি করে। এরপর তাকে জনসমক্ষে টেনে এনে একাধিকবার ছুরিকাঘাত করতে থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, রক্তের বন্যায় লুটিয়ে পড়ে আছে সালাফি। তার চারপাশে উপস্থিত লোকজন চরম আতঙ্কে ছোটাছুটি করছেন। তাদের মধ্যেই কয়েকজন সালাফিকে মাটি থেকে তুলে আনারও চেষ্টা করছেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সারা পাকিস্তান থেকে তরুণদের মগজধোলাই করে লস্কর-ই-তইবায় নিয়োগ করত এই সালাফি।

যদিও এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ কী তা জানা জায়নি। সংগঠনটির অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব বা গোষ্ঠীগত কোন্দলই এই খুনের পেছনে মূল কারণ হিসেবে মনে করছেন অনেকেই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *