রিল বানাতে গিয়ে আত্মঘাতী ভুল! নিজের গুলিতেই মৃত্যু দিল্লির যুবকের

আমুদরিয়া নিউজ : সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার জন্য মানুষ কী না করে! রিল বানানোর নেশায় আজকের তরুণ প্রজন্ম অনেকসময়ই জীবনের ঝুঁকি নিয়ে ফেলেন। আর সেটাই কাল হয়ে যায় কখনো কখনো। বুধবার তেমনই এক ঘটনার সাক্ষী থাকল পূর্ব দিল্লির নিউ অশোকনগর এলাকা। রিল বানানোর নেশায় নিজেকেই নিজে গুলি করে বসল এক যুবক।

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম পবন কুমার। তিনি মোবাইল ক্যামেরার সামনে রিল বানাতে  গিয়ে আচমকায় অসাবধানতাবশত ট্রিগারে চাপ দিয়ে ফেলেন। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, পবন ও তার ভাই হিমাংশু একটি লাইসেন্স করা বন্দুক নিয়ে ভিডিও বানাচ্ছিলেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে, পবন একটি পিস্তলে গুলিভর্তি ম্যাগাজিন ভরছেন। ভাই হিমাংশু তাকে ক্যামেরার বাইরে থেকে নির্দেশ দিচ্ছিলেন পিস্তলে কীভাবে ম্যাগাজিন ঢোকাতে হয়। ম্যাগাজিন ভরার পরে পিস্তলটি লোড করেন পবন। হিমাংশু সেইসময় তাঁকে বারবার সাবধান করেছিলেন, তিনি যেন গুলি না চালান।

ভিডিওর শেষ অংশে দেখা যায়, পবন হাসিমুখে সেই ম্যাগাজিন ভরা পিস্তল নিজের বুকের বাঁদিকে ঠেকিয়ে রাখে। কিন্তু অসাবধানতাবশত তাঁর আঙুল পিস্তলের ট্রিগার টিপে ফেলে। মুহূর্তের মধ্যে বুলেট তাঁর বুক ছিন্ন করে দেয়। রক্তে ভিজে যায় চারপাশ। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এই ভয়ংকর দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন হিমাংশু। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের কাছে হিমাংশু স্বীকার করে, ওই পিস্তলটি তাঁরই। পবনের কথাতেই তিনি নিজেই  ইনস্ট্রাগ্রামে পোস্ট করার জন্য ওই ভিডিওটি রেকর্ড করছিলেন।

পুলিশ ইতিমধ্যেই ওই পিস্তলটি বাজেয়াপ্ত করেছেন। ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *