আমুদরিয়া নিউজ : বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়ের পর শপথ নিতে চলেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শপথের আগেই তাঁর প্রথম বিদেশ সফর ঘিরে শুরু হয়েছে জোর কূটনৈতিক আলোচনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-ও ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি চীনের তরফ থেকেও আমন্ত্রণ এসেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ফলে প্রশ্ন উঠছে—দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান প্রথমে নয়াদিল্লি, ইসলামাবাদ, বেজিং নাকি অন্য কোনও দেশে যাবেন? নয়াদিল্লির লক্ষ্য, দ্রুত ঢাকা-দিল্লি সম্পর্ক মেরামত করা এবং ২০২৬-এ শেষ হতে চলা গঙ্গার জল চুক্তির পুনর্নবীকরণ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করা। তবে তারেক রহমান স্পষ্ট করেছেন, তাঁর সরকারের বিদেশনীতি হবে স্বাধীন ও “সবার আগে বাংলাদেশ” নীতিনির্ভর।