বঙ্গভবনে পুলিশি তল্লাশির অভিযোগ, দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব মমতা

আমুদরিয়া নিউজ : এসআইআর (Special Intensive Revision)–এ ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের পরিবারগুলিকে হেনস্থার অভিযোগ পেতেই দিল্লির বঙ্গভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বঙ্গভবনের বাইরে ও ভিতরে দিল্লি পুলিশ অস্বাভাবিক তৎপরতা দেখাচ্ছে এবং ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। মমতার দাবি, এসআইআরের চাপে বাংলায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ জীবিত থাকলেও ভোটার তালিকায় মৃত হিসেবে নথিভুক্ত হয়েছেন। সেই সব পরিবারের সদস্যদের নিয়েই তিনি দিল্লিতে এসেছেন এবং তাঁদের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন।

বঙ্গভবনে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আশ্বস্ত করে মমতা বলেন, “ভয় নেই, আমি আছি।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা আমাদের ভবন। দিল্লি পুলিশ এখানে ঢুকে সার্চ করতে পারে না।”

দিল্লি পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলার মানুষকে ভয় দেখানো বা হেনস্থা বরদাস্ত করা হবে না। তাঁর বক্তব্য, “এই দেশে যদি কেউ না-ও লড়ে, আমি লড়ব।”

এসআইআর ইস্যুতে অবস্থান আরও স্পষ্ট করতে মঙ্গলবার বঙ্গভবন থেকেই সাংবাদিক বৈঠক করবে তৃণমূল। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরাও উপস্থিত থাকবেন। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *