আমুদরিয়া নিউজ : নেপালের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী আচরণবিধি কার্যকরের সবরকম প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আগামী ১৭ জানুয়ারি থেকে সারা দেশে এই আচরণবিধি কার্যকর হবে। আগামী ৫ মার্চ নেপালে ভোটগ্রহণ হবে। সমস্ত প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে জানানো হয়েছে। নির্বাচন কমিশন জানায়, আচরণবিধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের করণীয় ও নিষিদ্ধ কাজ স্পষ্টভাবে উল্লেখ করা আছে। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্যও নিয়ম নির্ধারণ করা হয়েছে, যাতে নির্বাচন সুষ্ঠু হয়। ইসির মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই বলেন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভাণ্ডারি প্রধানমন্ত্রীকে নির্বাচনী প্রস্তুতি, ব্যালট ছাপানো এবং অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করেছেন। নির্বাচন কমিশনের মতে, আচরণবিধি মানতে সরকার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা খুবই জরুরি।