আমুদরিয়া নিউজ : নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) ঘিরে দেশজুড়ে বিতর্কের মাঝেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে উত্তরপ্রদেশে। বিজেপিশাসিত এই রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটার। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে ৪৬ লক্ষেরও বেশি মৃত ভোটার। পাশাপাশি ২ কোটি ১৭ লক্ষ ভোটারকে স্থানান্তরিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও প্রায় ২৫ লক্ষ ভোটারের নাম একাধিক তালিকায় থাকায় বাদ দেওয়া হয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশে বৈধ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৫৫ লক্ষে, যা আগের ১৫ কোটি ৪৪ লক্ষের তুলনায় অনেক কম। বিরোধীদের প্রশ্ন, এত বিপুল সংখ্যক ভূতুড়ে ও স্থানান্তরিত ভোটার এল কোথা থেকে। বাংলায় অনুপ্রবেশ নিয়ে বিজেপির অভিযোগের প্রেক্ষিতে এই তথ্য গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছে।