আমুদরিয়া নিউজ : বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক হিংসার ঘটনার মধ্যে যশোরের মনিরামপুর উপজেলায় এক হিন্দু সাংবাদিকের হত্যার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নিহত রানা প্রতাপ একটি স্থানীয় সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। সোমবার সন্ধ্যায় কপালিয়া বাজার এলাকায় তাকে ডেকে নিয়ে গিয়ে মাথায় গুলি করে হত্যা করা হয়। ২০২৫-এর ডিসেম্বর থেকে বিভিন্ন জেলায় হিন্দু ব্যবসায়ী, শ্রমিক ও কারখানা কর্মীদের ওপর হামলা ও হত্যার অভিযোগ উঠেছে। কোথাও জনতার হাতে প্রাণহানি, কোথাও ব্যক্তিগত বা ধর্মসংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটেছে। এছাড়াও ঝিনাইদহ জেলায় এক হিন্দু বিধবার ওপর নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনায় দেশজুড়ে ও আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়লেও বাংলাদেশ সরকার ভারতের উদ্বেগকে অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে।