আমুদরিয়া নিউজ : গোয়ায় ভারতের উপকূলরক্ষী বাহিনীর নতুন জাহাজ ‘সমুদ্র প্রতাপ’ উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গোয়া শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত এই জাহাজটি উপকূলরক্ষী বাহিনীর প্রথম দেশীয়ভাবে তৈরি করা দূষণ নিয়ন্ত্রণ জাহাজ। সোমবার এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, এই জাহাজ ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির শক্তিশালী উদাহরণ। প্রায় ১১৪ মিটার দীর্ঘ ও ৪২০০ টন ওজনের সমুদ্র প্রতাপ ২২ নটের বেশি গতিতে চলতে সক্ষম। একটানা প্রায় ৬০০০ নটিক্যাল মাইল পর্যন্ত যাত্রা করতে পারবে এই জাহাজ। সমুদ্রে তেল ও রাসায়নিক দূষণ মোকাবিলা, উদ্ধার অভিযান, নজরদারি ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সমুদ্র প্রতাপ। এই জাহাজের সংযোজনে উপকূলরক্ষী বাহিনীর ক্ষমতা আরও বাড়বে।