আমুদরিয়া নিউজ : ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গা সংক্রান্ত বৃহত্তর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামকে জামিন দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানায়, দু’জনের বিরুদ্ধেই প্রাথমিকভাবে গুরুতর অভিযোগ রয়েছে এবং মামলাটি ইউএপিএ-র আওতায় হওয়ায় এই পর্যায়ে জামিন দেওয়া যুক্তিসংগত নয়। আদালত পর্যবেক্ষণে বলে, ইউএপিএ মামলায় জামিনের মানদণ্ড আলাদা এবং প্রত্যেক অভিযুক্তের ভূমিকা আলাদাভাবে বিচার করা প্রয়োজন। তবে একই মামলায় অভিযুক্ত গুলফিশা ফাতিমা, মিরান হায়দার, শিফা উর রহমান, মোহাম্মদ সেলিম খান এবং শাদাব আহমেদ এই পাঁচজনকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতিরা স্পষ্ট করেন, সকল অভিযুক্তের ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।