আমুদরিয়া নিউজ : গ্রিসে হঠাৎ রেডিও যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় দেশের বিভিন্ন বিমানবন্দরে বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিমান নিয়ন্ত্রণ টাওয়ার ও পাইলটদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিরাপত্তাজনিত কারণে সব উড়ান স্থগিত করা হয়। এতে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহু উড়ান বাতিল ও বিলম্বিত হয়, বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী। পরে ত্রুটি আংশিকভাবে মেরামত করা হলে ধীরে ধীরে বিমান চলাচল পুনরায় শুরু হয়। গ্রিসের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, যাত্রী নিরাপত্তাই ছিল তাদের প্রধান অগ্রাধিকার। কী কারণে এই রেডিও সমস্যা দেখা দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।