আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি মমতার

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল, তা প্রত্যাহার করে নিতে বাধ্য হল মামলাকারী সংস্থা। কারণ, ওই মামলায় কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল অনুমতি দেননি। দুর্নীতির জন্য এসএসসি-র ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে রাতারাতি চাকরিহারা হয়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। ওই দিনেই সুপ্রিম কোর্টের রায় নিয়ে একটি মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের বিরোধিতায় এই মামলা করেছিল ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন। অতীতে এই মামলায় মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বিআর গাভাই বলেছিলেন, ‘কোর্টকে রাজনীতির জায়গা করবেন না। রাজনৈতিক যুদ্ধ অন্যত্র করুন।’ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে মামলাকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি আদালত অবমাননা মামলার জন্য অনুমতি দেননি। এর পরেই মামলাকারী সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের থেকে মামলাটি প্রত্যাহারের অনুমতি চাওয়া হয়। সেই অনুমতি দেয় সুপ্রিম কোর্ট।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *