ভারত-পাকিস্তান অস্হির পরিস্হিতিতে রাজ্যের নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নির্দেশ জারি নবান্নর

আমুদরিয়া নিউজ: ভারত-পাকিস্তান অস্হির পরিস্হিতিতে রবিবার নবান্নে রাজ্যের সব শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠক থেকেই রাজ্য প্রশাসন এবং পুলিশ আধিকারিকদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় রাজ‌্য যাতে সব রকমভাবে প্রস্তুত থাকে তার জন‌্যই এদিন পর্যালোচনা বৈঠকে করেন মুখ‌্যসচিব। পাশাপাশি সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি, হাসপাতালের প্রস্তুতি, বিপর্যয় মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ, মহড়া নিয়ে এদিন আলোচনা হয়। কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন‌্য প্রশাসনিক ও পুলিশ কর্তাদের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

রাজ্যের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা যাতে ঠিক থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়াও রেডিও, মোবাইল বা অন্য কোনও যোগাযোগের মাধ্যমেও যেন কোনও সমস্যা না থাকে তা দেখতে বলা হয়েছে। গুজব ও ভুয়ো প্রচার রুখতে পুলিশকে সাইবার স্পেসে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে নবান্নের তরফে। ভার্চুয়াল বৈঠকে মুখ‍্যসচিব মনোজ পন্থ রাজ‍্যের প্রতি জেলায় কত খাদ‍্য মজুত আছে, তা নিয়ে আলোচনা করেন।  পাশাপাশি জানানো হয়েছে, আগামী তিন মাসের রেশনের বরাদ্দ তিনটি পর্যায়ে জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হবে। প্রতিটি জেলায় বর্তমানে কোথায় কত পরিমাণ খাদ‌্য মজুত রয়েছে, তারও জেলাভিত্তিক আলোচনা হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *