আমুদরিয়া নিউজ : দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’–এর উদ্বোধন করেন। আমন্ত্রণ জানানো হলেও ভারত অনুষ্ঠানে যোগ দেয়নি। বিপরীতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের পাশে বসে সনদে সই করেন, ফলে পাকিস্তানের সদস্যপদ নিশ্চিত হয়।
ভারতের অনুপস্থিতিকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই ধরা হচ্ছে, বিশেষ করে সীমান্ত সন্ত্রাস ও পাকিস্তানের ভূমিকা নিয়ে নয়াদিল্লির দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে। সরকারিভাবে ভারত আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান—কোনোটিই নিশ্চিত করেনি।
মোট ৩৫টি দেশ সনদে সই করেছে। পাকিস্তান ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, মিশর, মরক্কো, আর্জেন্টিনা, ভিয়েতনাম প্রমুখ সদস্য হয়েছে। তবে ফ্রান্স, ব্রিটেন, চিন, জার্মানি–সহ বহু বড় দেশ অনুষ্ঠানে অনুপস্থিত ছিল। রাশিয়া ও কয়েকটি দেশ এখনও অবস্থান স্পষ্ট করেনি।
এই মঞ্চ থেকেই ট্রাম্প আবার দাবি করেন, তাঁর হস্তক্ষেপে ভারত–পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত এড়ানো গিয়েছিল—যা ভারত আগেও অস্বীকার করেছে। তিনি মে ২০২৫–এর ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তোলেন।
ট্রাম্পের দাবি অনুযায়ী, ‘বোর্ড অব পিস’ সংঘাতপ্রবণ অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে এবং জাতিসংঘের সঙ্গে সমন্বয় রাখবে। তবে কূটনৈতিক মহলে আশঙ্কা, এতে জাতিসংঘের ভূমিকা দুর্বল হতে পারে।
গাজায় যুদ্ধবিরতির প্রেক্ষিতে এই উদ্যোগ শুরু হয়েছে। এই আবহে ভারতের অনুপস্থিতি ও পাকিস্তানের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক স্তরে নতুন কূটনৈতিক বার্তা দিচ্ছে।