আমুদরিয়া নিউজ : তৃণমূল-বিজেপির হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তী বাজার এলাকায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন ৮ পুলিশকর্মী। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাসন্তী বাজারে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের সমর্থনে প্রচার করছিলেন দলের নেতা-কর্মীরা। বিজেপির অভিযোগ, সেইসময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিজেপি নেতা-কর্মীদের ভোট প্রচার করতে নিষেধ করে। এই নিয়েই তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির নেতা-কর্মীরা। এরপরেই ফের যুযুধান হয়ে ওঠে দু-পক্ষ। আক্রমণ-পালটা আক্রমণে জড়িয়ে পড়েন দুই দলের নেতা-কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাসন্তী।
বিজেপি প্রার্থীর অভিযোগ, হারের ভয়েই তৃণমূল এখন সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। পুলিশ সব দেখেও নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল।” যদিও এই ঘটনার তৃণমূলের কোনও সম্পর্ক নেই দাবি করেছে তৃণমূল।
পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৮ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অপরাধে এখনো পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।