আমুদরিয়া নিউজ: মালিকানা বদলে গেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নামে কোনও বদল আনা হবে না স্পষ্ট জানিয়ে দিলেন দলের নতুন মালিক অনন্যা বিড়লা।
আইপিএলের ১৯ তম আসর শুরু হওয়ার আগেই ১৬,৭০৬ কোটি টাকায় বিক্রি হয়েছে আরসিবি। ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসির কাছ থেকে আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম এই দলটিকে বিশাল অঙ্কে কিনে নিয়েছে।
২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন এই দলের নাম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। ২০২৪ সালে ব্যাঙ্গালোরের নাম পরিবর্তন করে বেঙ্গালুরু করা হলে, শহরের নাম অনুযায়ী দলের নতুন নাম রাখা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের মালিকানা পরিবর্তন হওয়ার পর থেকেই সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল দলের নাম কি আবার পরিবর্তন করা হবে?
সেই জল্পনার ইতি টেনে আদিত্য বিড়লা গোষ্ঠীর কর্ণধার কুমার মঙ্গলম বিড়লার কন্যা অনন্যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “সমর্থকদের জন্য ভাল খবর যে, দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই থাকবে। নাম পরিবর্তন করা হবে না।”