আমুদরিয়া নিউজ : তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে ক্ষোভ ব্যক্ত করলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। টিকিট না পেয়ে বলাগড়ের বিদায়ী বিধায়ক সোশ্যাল মিডিয়ায় লেখেন, “তৃণমূল কংগ্রেস, এটা মাননীয়া মমতা ব্যানার্জীর শ্রম ঘাম রক্ত দিয়ে গড়ে তোলা দল। ‘ওনার দলে’ উনি কাকে টিকিট দেবেন আর কাকে দেবেন না- সেটা একান্তই ওনার ব্যক্তিগত বিষয়। সে নিয়ে কার কি বলার থাকতে পারে!”
ওই পোস্টে তিনি আরও বলেন, “আমি আমার সীমিত শক্তি নিয়ে মাটি মাফিয়া বালি মাফিয়া গরু পাচার গাঁজা পাচার, সবুজদ্বীপের গাছচোর, রেশনের চাল চোর, পাড়ায় পাড়ায় সচল জুয়ার ঠেক, সবার বিরুদ্ধে সাধ্যমত প্রতিরোধ গড়ে তুলেছিলাম। এটা আপনারাও জানেন।”
গত কয়েকমাস ধরেই বলাগড়ের রাজনীতিতে একটা চাপানউতোর শুরু হয়ে গিয়েছিল। দলীয় সভায় আমন্ত্রণ না পাওয়ায় আগেই সরব হয়েছিলেন মনোরঞ্জন। সম্প্রতি এসআইআর চলাকালীন মনোরঞ্জনের কাজ নিয়েও কিছুটা উষ্মা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে তিনি হয়ত এবারের ভোটে টিকিট পাবেন না। সেই জল্পনাই সত্যি হলো। প্রার্থী তালিকা থেকে বাদ গেল মনোরঞ্জন ব্যাপারীর নাম।
ওই আসনে এবার টিকিট দেওয়া হয়েছে রঞ্জন ধাড়াকে। সম্ভবত তফশিলি ভোটের অঙ্ক মাথায় রেখেই মনোরঞ্জনকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
মঙ্গলবার বিধানসভা ভোটের প্রার্থী প্রকাশ করে তৃণমূল। সেখানে দেখা যায় বড়সড় চমক। ২৯১ টি আসনের মধ্যে ১৪১ জন ‘নতুন মুখ’কে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। টিকিট পাননি দলের একাধিক পুরনো বিধায়ক। এমনকি জায়গা হয়নি বেশ কয়েকজন প্রভাবশালী নেতারও।
তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা হয়নি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। বাদ পড়েছে পাণ্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের নামও। নাম বাদ পড়ায় তাঁদের মধ্যে অনেকেই ক্ষোভ ব্যক্ত করতে শুরু করেছেন।