আমুদরিয়া নিউজ : পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের মানুষকে শান্ত থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, “এখন সময়টা কঠিন, তাই গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
প্রধানমন্ত্রী জানান, পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের প্রভাব পৃথীবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। ভারতও এর প্রভাব মুক্ত নয়। দেশে জ্বালানির দাম বৃদ্ধি, প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা সবকিছু নিয়ে চিন্তা বাড়ছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, ভারত সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে এবং অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতায় এই সংকট মোকাবিলা করা হবে।
আমেরিকা, ইজরায়েল-ইরান সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যায় বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর মারাত্মক প্রভাব পড়ে। তবে দিন কয়েক আগেই ইরান ভারত-সহ তাদের বেশকিছু মিত্র রাষ্ট্রকে ওই জলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে।
সম্প্রতি আরও দু’টি ভারতীয় এলপিজি জাহাজ ওই পথ দিয়ে গেছে, যাতে প্রায় ৯০ হাজার টনের বেশি গ্যাস ছিল। কয়েকদিন অপেক্ষার পর তারা যাত্রার অনুমতি পায় বলে জানা গিয়েছে। সব মিলিয়ে, এই কঠিন পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।