আমুদরিয়া নিউজ : ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে গেল ভারতীয় মুদ্রা। বৃহস্পতিবার দিনের লেনদেনে এক পর্যায়ে রুপির দর নেমে আসে ৯১.৯৮৫০-এ, যা আগের রেকর্ড ৯১.৯৬৫০-ও ভেঙে দেয়। কার্যত এই প্রথম রুপি ৯২ টাকার একেবারে দোরগোড়ায় পৌঁছল। চলতি বছরে এখনও পর্যন্ত রুপির দর কমেছে প্রায় ২ শতাংশ। তবে সাম্প্রতিক মাসগুলিতে পতনের গতি আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্য রফতানির উপর উচ্চ শুল্ক আরোপের পর থেকে ডলারের তুলনায় রুপি প্রায় ৫ শতাংশ দুর্বল হয়েছে। বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের অর্থ প্রত্যাহার, ডলার হেজিংয়ের বাড়তি চাহিদা এবং আন্তর্জাতিক বাণিজ্য ঘিরে অনিশ্চয়তার জেরে রুপির উপর চাপ বেড়েছে। শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধির তথ্যও বাজারে প্রভাব ফেলতে পারেনি। সরকারি হিসেব অনুযায়ী, সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৮.২ শতাংশ। সূত্রের খবর, রুপির অতিরিক্ত অস্থিরতা ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক বাজারে হস্তক্ষেপ করেছে। বিশেষজ্ঞদের মতে, এই চাপ অব্যাহত থাকলে আগামী এক বছরে ডলারের তুলনায় রুপির দর ৯৪ পর্যন্ত নামতে পারে।