আমুদরিয়া নিউজ : ইতিহাসের গোপন ভান্ডার বালুরঘাটের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের যশাহার গ্রামে বহু প্রাচীন ‘দালানপুকুর’-এর জল পাম্প সেট দিয়ে নামাতেই সামনে এসেছে চওড়া ইটের তৈরি সিঁড়ি। সেই ইটের সিঁড়িতে এলাকা জুড়েই কৌতূহল ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইটের সিঁড়ির নকশা দেখে স্থানীয়দের অনুমান এটি সাম্প্রতিক নির্মাণ নয় বরং কয়েকশো বছরের পুরনো কোন স্থাপত্যের অংশ হতে পারে। যার ফলে পুকুরের তলায় চাপা পড়ে থাকা এই অজানা রহস্যের জল্পনা চলছে এখন স্থানীয়দের মাঝে। ইতিহাসবিদ শ্রমিক ঘোষ জানান, দিনাজপুর অঞ্চল বরাবরই পুরাতত্ত্বে সমৃদ্ধ। টেরাকোটার মন্দির প্রাচীন মূর্তি ও নানা স্থাপত্যের নিদর্শন বহুবার মিলেছে এ অঞ্চলে। ঐতিহাসিক সূত্রে জানা যায় নজিরপুর একসময় সমৃদ্ধ ছিল বৌদ্ধ বিহারে। যার ফলে এটি কোনও প্রাচীন স্থাপত্যের অংশ কিনা এই মুহূর্তে সে প্রশ্নই দাঁড়িয়েছে!