আমুদরিয়া নিউজ : হঠাৎই জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন দক্ষিণ দিনাজপুর বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। আর সেই সিদ্ধান্ত ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না পাওয়ার আশঙ্কা, নাকি দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব—কোন কারণে এই পদত্যাগ, তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।
যদিও এই জল্পনায় জল ঢালতে চেয়েছেন স্বরূপ চৌধুরী নিজেই। তাঁর দাবি, দলের কোনও নির্দেশে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। স্বরূপ বলেন, “সামগ্রিক পরিস্থিতি বিচার করে মনে হয়েছে, আমার পক্ষে আর জেলা সংগঠন চালানো সম্ভব নয়। সেই কারণেই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।”
তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কুমারগঞ্জ আসনে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তাই এই সিদ্ধান্তের নেপথ্যে থাকতে পারে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি তিনি।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা সুভাষ চাকি দাবি করেন, দীর্ঘদিন ধরেই জেলা বিজেপির অন্দরে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছিল। তাঁর কথায়, “এটা সম্পূর্ণ বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা দেখছিলাম জেলা বিজেপির মধ্যে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে। আমাদের ধারণা, সেই গোষ্ঠীগুলোকে স্বরূপ চৌধুরী নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। উনি শুধু স্ট্যাম্প হয়ে বসেছিলেন, পার্টিটা অন্য কেউ চালাচ্ছিল।”
তৃণমূলের দাবি, এই পদত্যাগের ঘটনাই প্রমাণ করছে জেলা বিজেপির ভিতরে গভীর বিভাজন তৈরি হয়েছে।
সব মিলিয়ে স্বরূপ চৌধুরীর হঠাৎ পদত্যাগে দক্ষিণ দিনাজপুরের রাজনীতিতে নতুন করে জল্পনার পারদ চড়েছে। এখন নজর বিজেপির পরবর্তী সিদ্ধান্তের দিকেই।
দক্ষিণ দিনাজপুর বিজেপিতে চাঞ্চল্য! জেলা সভাপতির পদ থেকে আচমকাই ইস্তফা স্বরূপ চৌধুরীর
Leave a Comment