আমুদরিয়া নিউজ : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউয়ের তারিখ ও স্থান বদলানোর নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। এই মামলায় এক প্রার্থী অসুস্থতার কারণে নির্ধারিত দিনে ইন্টারভিউ দিতে পারেননি। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। একক বেঞ্চ তাঁর ইন্টারভিউয়ের জন্য নতুন তারিখ ও জায়গা নির্ধারণের নির্দেশ দেয়।
এই নির্দেশকে চ্যালেঞ্জ করে স্কুল সার্ভিস কমিশন (SSC) ডিভিশন বেঞ্চে আবেদন করে। কমিশনের বক্তব্য ছিল, নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনেই চলছে। এতে তাদের কোনও গাফিলতি নেই। কাজেই একজনের জন্য নিয়ম বদল করতে কমিশনের আপত্তি আছে। ডিভিশন বেঞ্চ শুনানির পর জানায়, নিয়োগ প্রক্রিয়ায় অকারণে হস্তক্ষেপ করা ঠিক নয়।
আদালত আরও জানায়, একজন প্রার্থীর জন্য আলাদা করে নিয়ম বদল করলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। তাই একক বেঞ্চের আগের নির্দেশ ৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৫ জানুয়ারি।