আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে পাকিস্তান-যোগ থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-এ-তাইবার জন্য যুবকদের নিয়োগ ও উগ্রবাদে জড়ানোর মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল এনআইএ-র বিশেষ আদালত। এই মামলায় প্রধান দোষী হিসেবে সৈয়দ এম ইদ্রিসকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। পাশাপাশি তার উপর আর্থিক জরিমানাও ধার্য করা হয়েছে।
এনআইএ সূত্রে জানা যায়, ২০২০ সালের এপ্রিল মাসে সৈয়দ এম ইদ্রিসকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে আসে, সে সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে পশ্চিমবঙ্গের যুবকদের জঙ্গি সংগঠনের আদর্শে প্রভাবিত করার চেষ্টা করছিল। শুধু প্রচার নয়, সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ করাই ছিল তার মূল উদ্দেশ্য।
আদালত জানায়, এই ধরনের কাজ দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তাই কঠোর শাস্তি প্রয়োজন ছিল। এই রায়ের মাধ্যমে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে এনআইএ।