আমুদরিয়া নিউজ : হলদিয়ায় ‘বিজয় সঙ্কল্প সভা’ থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার মনোনয়ন জমা দেওয়ার আগে ওই সভা থেকে তিনি দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে রাজ্যে সরকার গড়বে গড়বে বিজেপি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “নন্দীগ্রামের মত মমতা ব্যানার্জি ভবানীপুরেও হারছেন।” হলদিয়া সাবডিভিশনের গতবারের ফলাফল উল্লেখ করে তিনি জানান, এবার সেখানে আরও বড় মার্জিনে জিততে চলেছে বিজেপি।
এদিন ওই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। তিনিও এদিন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সুর চড়ান। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন কোনও বড় ইস্যু নেই, তাই তিনি খাবার নিয়ে রাজনীতি করছেন। বিজেপি ক্ষমতায় এলে মাছ-ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে মমতার এই ধরণের দাবি তিনি স্পষ্টতই খারিজ করে দেন। পাশাপাশি রাজ্যে বেকারদের কর্মসংস্থান ও মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল সরকার মানুষের জন্য কোনো কাজ করেনি বলেও অভিযোগ তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। একই সঙ্গে অনুপ্রবেশ ইস্যু তুলে তিনি দাবি করেন, বাংলার শাসন বাঙালিদের হাতেই থাকা উচিত।
ইতিমধ্যেই মমতার নির্বাচনী প্রচার বন্ধ করতে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। এবার হলদিয়ার সভা থেকে শুভেন্দুর নিশানায় মমতা, সবমিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সুর ক্রমশই চড়া হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।