আমুদরিয়া নিউজ : তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে জল্পনা আগে থেকেই ছিল। এবার সেই জল্পনাই সত্যি হলো। প্রার্থী তালিকায় নেই একাধিক সিটিং এমএলএ। পুরনো আসন বদল হলো অনেকরই। অবশ্য এ ব্যাপারে আগে থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়।
মঙ্গলবার বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে উল্লেখযোগ্যভাবে বাদ পড়লেন হাওড়া শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত, মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, রত্না দে নাগ, পরেশ পাল সহ ৭৪ জন বর্তমান বিধায়ক।
স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতা মোকাবিলার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কালীঘাট সূত্রে খবর। অর্থাৎ যেসব এলাকায় তৃণমূলের জেতার সম্ভাবনা রয়েছে, কিন্তু বর্তমান বিধায়ককে ফের প্রার্থী করলে হেরে দল হেরে যাতে পারে, সেসব আসনে প্রার্থী বদল করা হয়েছে।
তবে বর্তমান বিধায়কদের টিকিট না দেওয়াই শুধু নয়, কয়েকজন বিধায়কের আসনও বদল করা হয়েছে। যেমন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে মুর্শিদাবাদের ডোমকলে প্রার্থী করা হয়েছে, আর ডেবরায় প্রার্থী করা হয়েছে প্রাক্তন সেচ ও বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে।
আবার বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হয়েছে বেহালা পশ্চিমে। খরদহ আসন থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বালিগঞ্জ বিধানসভায় প্রার্থী করা হয়েছে। ক্যানিংয়ের পুরনো প্রার্থী সওকত মোল্লাকে প্রার্থী করা হয়েছে ভাঙড়ে।
বর্তমান বিধায়কদের মধ্যে ১৩৫ জনকে ফের টিকিট দিয়েছে দল। নাম বাদ পড়েছে ৭৪ জনের। অর্থাৎ তৃণমূলের বর্তমান বিধায়কদের মধ্যে ৩৩ শতাংশকেই এবার আর টিকিট পেলেন না।
নতুন মুখ হিসেবে চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্য, উলুবেড়িয়া পূর্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, খড়দহে দেবদীপ পুরোহিত ও বেলেঘাটায় কুণাল ঘোষ, নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্য, বেহালা পূর্বে শুভাশিস চক্রবর্তী, মহেশতলায় শুভাশিস দাস তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়ছেন।