আমুদরিয়া নিউজ : পুরীর জগন্নাথ মন্দিরের পর এবার বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরেও অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ হতে পারে— এমন জল্পনা তুঙ্গে। উত্তরাখণ্ডে আসন্ন চারধাম যাত্রার প্রস্তুতির মধ্যেই এই বড় সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। রিপোর্ট অনুযায়ী, বদ্রীনাথ–কেদারনাথ মন্দির কমিটি (BKTC)-র অধীনে থাকা সব মন্দিরে কেবল হিন্দুদের প্রবেশের অনুমতি দেওয়ার প্রস্তাব আনা হতে পারে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিকেটিসি সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, খুব শিগগিরই এই বিষয়ে বোর্ড মিটিংয়ে প্রস্তাব পাস করা হতে পারে। এর আগে হরিদ্বারের হর-কি-পৌরিতে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ সংক্রান্ত প্ল্যাকার্ড দেখা গিয়েছিল। এবার সেই নিয়ম বদ্রীনাথ ও কেদারনাথেও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি। এদিকে, শীতকালীন বিরতির পর আগামী ২৩ এপ্রিল সকাল ৬:১৫ মিনিটে খুলবে বদ্রীনাথ ধামের দরজা। গঙ্গোত্রী ও যমুনোত্রী খুলবে ১৯ এপ্রিল। কেদারনাথ ধামের দরজা খোলার তারিখ ঘোষণা করা হবে মহাশিবরাত্রিতে। চারধাম যাত্রা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।