আমুদরিয়া নিউজ : উত্তর ২৪ পরগনার হাসনাবাদে একটি স্কুলে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা সামনে এল। মঙ্গলবার জয়গ্রাম প্রপার এফপি স্কুলে মিড-ডে মিল রান্নার সময় হঠাৎই রান্নাঘরের ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে এক রাঁধুনীর ওপর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আয়েশা সর্দার নামে ওই মহিলা।স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মিড-ডে মিলের রান্নার কাজ চলছিল। সেই সময় হঠাৎ করেই রান্নাঘরের ছাদের চাঙর খসে পড়ে। ছাদের ভাঙা অংশ সরাসরি আয়েশা সর্দারের মাথা ও পিঠে লাগে। তাঁর চিৎকার শুনে শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলে ভিড় করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, স্কুল ভবনটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বারবার মেরামতির দাবি জানানো হলেও প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের মতে, এদিন ভাগ্যক্রমে রান্নাঘরের আশেপাশে কোনও ছাত্রছাত্রী ছিল না। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। হাসনাবাদ পুলিশ ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভও দেখানো হয়।গ্রামবাসীদের দাবি, অবিলম্বে স্কুল ভবন মেরামত করতে হবে এবং পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের প্রতিনিধিরা স্কুলটি পরিদর্শনের আশ্বাস দিয়েছেন। এক অভিভাবকের কথায়, “আজ আয়েশা বিবি আহত হয়েছেন, কাল আমাদের ছেলেমেয়েরা ক্লাসরুমে বসেই এই বিপদের মুখে পড়তে পারে। প্রশাসন কি বড় কোনও দুর্ঘটনার অপেক্ষা করছে?”