আমুদরিয়া নিউজ : তাঁর কথা ও কাজের মধ্যে কতটা মিল সেটারই যেন প্রমাণ দিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। সোমবার দার্জিলিঙের সাংসদ ১২টি পরিবারের হাতে ১ লক্ষ টাকা করে তুলে দেন। সব টাকাই নিজের মাইনে ও ব্যক্তিগত তহবিলের। তিনি ২০২৫ সালের অক্টোবরে দার্জিলিং পাহাড়ে ভয়াবহ ধসের পরে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবেন বলেছিলেন। সেই কথা ও কাজের মিল যে রয়েছে সেটাই এদিন প্রমাণ হল দার্জিলিঙে।
তবে অনুষ্ঠানের পরে আক্ষেপ প্রকাশ করেছেন সাংসদ। তিনি জানান, রিম্বিক-লোধোমা সমষ্টির অধীনে ফানচায়তার-ফেদিখোলা সড়ক নির্মাণের জন্য তিনি সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই মতো ১০ লক্ষ টাকা প্রথম পর্যায়ে পাঠানো হয়। কিন্তু জেলাশাসকের অফিসের কোনও কারণে তা আটকে রয়েছে। সাংসদের বক্তব্য, এই দেরি অদক্ষতার কারণে, নাকি জেলা প্রশাসনের ইচ্ছাকৃত রাজনৈতিক বিদ্বেষের কারণে সেটা জানা দরকার। তাঁর আশা, জেলা প্রশাসন দ্রুত কাজ শুরুর জন্য টাকাটা বরাদ্দ করে দেবে।