আমুদরিয়া মিউজ : “ভোট শেষ হলেই বাড়ি চলে যাবেন না। নজর রাখতে হবে। এবারও কিন্তু ‘লোডশেডিং’ করানো হতে পারে।” কার্যত এই ভাষাতেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীদের সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২১ এর নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন তৃণমূল নেত্রী। এরপরেই তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, ‘লোডশেডিং’ করে ভোট কারচুপি করে ওই আসনে জিতেছেন শুভেন্দু। এ নিয়ে তারা একটি মামলা পর্যন্ত করেন। সেই মামলা এখনো চলছে। একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই আগে ভাগেই সতর্ক করলেন মমতা।
জানা গিয়েছে গত রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন মমতা। সেখানেই উঠে আসে নন্দীগ্রাম প্রসঙ্গ। তৃণমূল নেত্রীর আশঙ্কা, নন্দীগ্রামের মতো ভবানীপুরেও ভোট কারচুপি করতে পারে বিজেপি। তাই স্ট্রং রুমে দিতে হবে বিশেষ নজর। তাই তিনি কর্মীদের নির্দেশ দিয়েছেন, ভোট শেষ হলেই তারা যেন বাড়ি চলে না যান।
তবে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘পরাজিতের আর্তনাদ। গত নির্বাচনে যা করেছেন, সেই কাজ এ বার করতে পারবেন না। সেই ভয় তাড়া করছে। সু্প্রিম কোর্টের দরবারে গিয়েছেন, মানুষের দরবারে গিয়েছেন। প্রত্যাখ্যাত হয়েছেন।’’
যদিও ভবানীপুরে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মমতা আগেই জানিয়েছেন, তিনি ৩৬৫ দিন ভবানীপুরের মানুষের পাশে থাকেন। বিজেপি হাজার ষড়যন্ত্র করলেও তাঁকে হারাতে পারবে না।