আমুদরিয়া নিউজ : এবার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল মালদহ জেলার ইংরেজবার ব্লকের সাতটারি এলাকা। জানা গিয়েছে, মঙ্গলবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হলে দেখা যায়, সেখানে কয়েকশো গ্রামবাসীর নাম বাদ পড়েছে। একাধিক ভোটারের নাম এখনো ‘বিচারাধীন’ অবস্থায়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের বাসিন্দা হওয়া সত্ত্বেও চক্রান্ত করে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
এরই প্রতিবাদে তাঁরা সাতটারি ও আশেপাশের বিভিন্ন এলাকা অবরোধ করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। সেইসময় নির্বাচন কমিশনের বিশেষ অবজার্ভার এলাকায় বুথ পরিদর্শনে গেলে গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের তরফেও বাদ পড়া ভোটারদের সমস্যা খতিয়ে দেখে দ্রুত সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।