আমুদরিয়া নিউজ : নেপালের নতুন রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে কথা বললেন নেপালের তরুণ নেতা বলেন্দ্র শাহ এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছানে-র সঙ্গে। তাঁদের নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানিয়ে মোদী বলেন, ভারত-নেপাল সম্পর্ককে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে চায় নয়াদিল্লি।
সম্প্রতি নেপালের সাধারণ নির্বাচনে বড় চমক দেখিয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। প্রত্যক্ষ নির্বাচনে ১৬৫টি আসনের মধ্যে প্রায় ১২৫টি আসন জিতে কার্যত ক্ষমতার দোরগোড়ায় পৌঁছে গেছে দলটি। এই জয়ের ফলে ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে রাজনৈতিক মহলের মত।
প্রসঙ্গত, একসময়ের জনপ্রিয় র্যাপার থেকে রাজনীতিতে উঠে আসা বলেন্দ্র আগে কাঠমান্ডুর মেয়র ছিলেন। তাঁর উত্থানকে নেপালের রাজনীতিতে তরুণ প্রজন্মের বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে ভারত-নেপাল সম্পর্ক ভবিষ্যতে কোন পথে এগোবে, তা নিয়ে কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।