আমুদরিয়া নিউজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির পাল্টা কড়া বার্তা দিল ইরান। বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সশস্ত্র বাহিনী ভূমি, আকাশ ও সমুদ্রে যে কোনও মার্কিন হামলার বিরুদ্ধে “দ্রুত ও শক্তিশালী” জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। তাঁর দাবি, আগের সংঘাত থেকে শিক্ষা নিয়ে ইরান এখন আরও আক্রমণাত্মক কৌশলে প্রস্তুত। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। বৃহস্পতিবার এশীয় বাজারে ব্রেন্ট ক্রুড ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৯.৩৯ ডলার এবং ডব্লিউটিআই ক্রুড ১.৭ শতাংশ বেড়ে ৬৪.২৭ ডলারে পৌঁছেছে। সম্ভাব্য যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাতেই দাম বাড়ছে। ট্রাম্প একদিকে “বিশাল নৌবহর” পাঠানোর হুঁশিয়ারি দিলেও অন্যদিকে আলোচনার দরজা খোলা রেখেছেন। ইরানও জানিয়েছে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা সম্ভব, তবে চাপ দিলে কড়া জবাব দেবে তেহরান। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে বড় প্রভাব পড়তে পারে।