আমুদরিয়া নিউজ : সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি খবর থেকে জানা গিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “ইরান সরাসরি কোনো অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়। বরং ইরান এমন একটি চূড়ান্ত সমাধান চায়, যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে।”
শুধু তাই নয়, হরমুজ প্রণালি ইস্যুতেও ইরানের অবস্থান স্পষ্ট করে আরাঘচি বলেছেন, “হরমুজ সবার জন্য উন্মুক্ত এবং জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারবে।” তবে বর্তমান পরিস্থিতিতে শত্রু দেশগুলোর ক্ষেত্রে সেই বিবেচনা প্রযোজ্য হবে না বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে ওয়াং ই বলেন, যুদ্ধের বদলে আলোচনার মধ্য দিয়ে সমস্ত সমাধান করাই শ্রেয়। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তির স্বার্থে প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানান।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ধরনের কূটনৈতিক বার্তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।