আমুদরিয়া নিউজ: নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নতুন কৌশল দেখা গেল। ধুবুলিয়া এলাকার এক গ্রামে রাজনৈতিক দলের সমর্থক চেনার নতুন মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে অনুষ্ঠান বাড়ির বাসন, এখানে প্রচলিত পোস্টার, ব্যানার বা সভার পরিবর্তে এভাবে জনসংযোগ করা হচ্ছে । জানা গিয়েছে গ্রামের বিভিন্ন বাড়িতে বিয়ে অন্নপ্রাশন বা সামাজিক অনুষ্ঠানে রান্নার জন্য দলীয় সূত্রে দেওয়া বাসন ব্যবহার করা হয়। সেই বাসনে পরিষ্কার লেখা থাকে কোন দল দিয়েছে সেই বাসন। কোথাও বা লাল কালি দিয়ে লেখা ‘আরএসপি’, আবার কোথাও সবুজ কালী দিয়ে লেখা ‘টিএমসি’।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপি ও পাশাপাশি একই ধরনের বাসন দেয়ার ব্যবস্থা চালু রেখেছে, যদিও তা ততটাচোখে পড়ছে না।
এর আগে ধুবুলিয়া এলাকায় রাজনৈতিক দলের সমর্থক চিহ্নিত করার জন্য বাসন ব্যবস্থা চালু ছিল। তখন দলের কর্মীরা বাড়ি বাড়ি বাসন বিতরণ করে সমর্থকদের সঙ্গে সম্পর্ক মজবুত করত। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একই প্রথা অনুসরণ শুরু করা হয় এবং বর্তমানে ধুবুলিয়ায় রান্নার কড়াই পিতলের বাসন বালতি গামলা ডেকচির মতো সামগ্রীর উপর দলের নাম লিখে জনসংযোগ বৃদ্ধি করা হচ্ছে। রাজনৈতিক সমর্থকদের মতে, ভোটের আগে সংগঠনকে শক্ত করার উদ্দেশ্যেই এই রূপ কার্যকলাপ।