আমুদরিয়া নিউজ : সোমবার দুপুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। জানা গিয়েছে, নিজের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির একটি সভার জন্য মাঠ পরিদর্শনে তিনি ব্রিগেডে যান। সেই সময় কয়েকজন যুবক, যারা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দেন, হুমায়ুন কবীরকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন এবং তীব্র প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে দ্রুত এলাকা ছাড়তে হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, হুমায়ুন কবীর বিজেপির ঘনিষ্ঠ হয়ে কাজ করছেন এবং তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করছেন। অন্যদিকে হুমায়ুন কবীর জানান, বিধানসভা ভোটের আগে ব্রিগেডে বড় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে এবং এই বিক্ষোভে তিনি বিচলিত নন।