আমুদরিয়া নিউজ : কেরালার সবরিমালা শ্রী অয়াপ্পা মন্দিরে ঘি সংক্রান্ত অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ঘি নিখোঁজ হয়েছে। এই ঘি মূলত তীর্থযাত্রীদের কাছে বিক্রির জন্য রাখা হয়েছিল, যা দিয়ে তারা পূজা ও নৈবেদ্য অর্পণ করেন। হিসাব যাচাইয়ের সময় ঘি-র স্টক ও বিক্রির টাকার মধ্যে বড় ধরনের গরমিল ধরা পড়ে। এরপরই বিষয়টি তদন্তের আওতায় আনা হয়। দেবস্বম বোর্ডের ভিজিল্যান্স বিভাগ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দায়ীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় মন্দির পরিচালনার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।