আমুদরিয়া নিউজ : শুক্রবার রাতে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় একটি বহুতলে আগুন লাগলে নেভাতে গিয়ে নানা সমস্যার কথা জানান দমকলের একাংশ। তা নিয়ে ক্ষোভ দানা বাঁধে। এলাকার সিপিএম কাউন্সিলর জয় চক্রবর্তী দমকলের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। শনিবার সোজা দমকল দফতরে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানতে পারেন, যে পরিবারের ঘরে আগুন লেগেছিল, তাঁরা অভিযোগ করেছেন, যে দমকলের গাড়ি আনা হয়েছিল তাতে একাধিক যান্ত্রিক ত্রুটি ছিল বলে আগুন নেভাতে সমস্যা হয়। শঙ্করবাবু দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলার পরে জানান, এভাবে বেহাল পরিকাঠামো নিয়ে চলতে পারে না জরুরি পরিষেবার কাজ। দমকলের পক্ষ থেকে জানানো হয়, সাময়িক সমস্যা হলেও দমকলই আগুন আয়ত্বে আনে।