আমুদরিয়া নিউজ : বুধবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ফের একবার তদন্তকারীদের নিশানায় রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডল। এদিন আচমকাই তাঁর বাসভবনে হানা দেয় ইডি। বুধবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর বাড়ি ঘিরে রাখেন এবং ভেতরে শুরু হয় তল্লাশি ও নথিপত্র পরীক্ষা। তদন্তকারীরা বাড়ির সদস্য ও সংশ্লিষ্ট আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গেছে। যদিও ঠিক কোন মামলার সূত্রে এই তল্লাশি চলছে, সে বিষয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সূত্রের খবর, গত মাসের ৩ তারিখেও মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেসময় বেশ কিছু নথি খতিয়ে দেখার পাশাপাশি তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে একাধিকবার নোটিস পাঠানো হলেও তিনি নাকি তদন্তকারীদের সামনে হাজির হননি। তদন্তে অসহযোগিতার অভিযোগের জেরেই কি এবার দ্বিতীয় দফার এই অভিযান— সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।